গীতবিতান
← সব গান

মোর হৃদয়ের গোপন বিজন ঘরে

পর্যায়: পূজা

মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন প'রে- প্রিয়তম হে, জাগো জাগো জাগো ।। রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে আমি আর কতকাল এমনি কাটিবে স্বামী- প্রিয়তম হে, জাগো জাগো জাগো ।। রজনীর তারা উঠেছে গগন ছেয়ে, আছে সবে মোর বাতায়ন-পানে চেয়ে- প্রিয়তম হে, জাগো জাগো জাগো ।। জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না তোমার বীণার বাণী- প্রিয়তম হে, জাগো জাগো জাগো ।। মিলাবো নয়ন তব নয়নের সাথে, মিলাবো এ হাত তব দক্ষিণহাতে- প্রিয়তম হে, জাগো জাগো জাগো ।। হৃদয়পাত্র সুধায় পূ্র্ণ হবে, তিমির কাঁপিবে গভীর আলোর রবে- প্রিয়তম হে, জাগো জাগো জাগো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08