গীতবিতান
← সব গান

আগে চল্‌ আগে চল্‌ ভাই

পর্যায়: স্বদেশ

আগে চল্‌, আগে চল্‌ ভাই! পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে, বেঁচে মরে কিবা ফল ভাই।। প্রতি নিমেষেই যেতেছে সময়, দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়- 'সময় সময়' ক'রে পাঁজি পুঁথি ধ'রে সময় কোথা পাবি বল্‌ ভাই।। পিছায়ে যে আছে তারে ডেকে নাও নিয়ে যাও সাথে করে- কেহ নাহি আসে, একা চলে যাও মহত্বের পথ ধরে। পিছু হতে ডাকে মায়ার কাঁদন, ছি'ড়ে চলে যাও মোহের বাঁধন- সাধিতে হইবে প্রাণের সাধন, মিছে নয়নের জল ভাই।। চিরদিন আছি ভিখারির বেশে জগতের পথপাশে- যারা চলে যায় কৃপাচোখে চায়, পদধুলা উড়ে আসে। ধূলিশয্যা ছাড়ি ওঠো ওঠো সবে, মানবের সাথে যোগ দিতে হবে- তা যদি না পারো চেয়ে দেখো তবে, ওই আছে রসাতল ভাই।।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-05-06