আজি দখিন-দুয়ার খোলা - এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো । দিব হৃদয়দোলায় দোলা, এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।। নব শ্যামল শোভন রথে এসো বকুলবিছানো পথে, এসো বাজায়ে ব্যাকুল বেণু মেখে পিয়ালফুলের রেণু । এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।। এসো ঘনপল্লবপুঞ্জে এসো হে, এসো হে, এসো হে । এসো বনমল্লিকাকুঞ্জে এসো হে, এসো হে, এসো হে । মৃদু মধুর মদির হেসে এসো পাগল হাওয়ার দেশে, তোমার উতলা উত্তরীয় তুমি আকাশে উড়ায়ে দিয়ো - এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।।