আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে । নয়নের জল ঝরিছে বিফল নয়নে ।। এ বেশভূষণ লহো সখী, লহো, এ কুসুমমালা হয়েছে অসহ- এমন যামিনী কাটিল বিরহশয়নে ।। বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি, বহি বৃথা মনো-আশা এত ভালোবাসা বেসেছি । শেষে নিশিশেষে বদন মলিন, ক্লান্তচরণ, মন উদাসীন, ফিরিয়া চলেছি কোন্ সুখহীন ভবনে ।। ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে মিছে আর । যদি যেতে হল হায় প্রাণ কেন চায় পিছে আর । কুঞ্জদুয়ারে অবোধের মতো রজনীপ্রভাতে বসে রব কত- এবারের মতো বসন্ত গত জীবনে ।।