গীতবিতান
← সব গান

আজকে তবে মিলে সবে

পর্যায়: বাল্মীকি প্রতিভা

প্রথম দস্যু । আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ- এ-সব আনতে কত লণ্ডভণ্ড করনু যঞ্জ-যাগ। দ্বিতীয় দস্যু । কাজের বেলায় উনি কোথা যে ভাগেন, ভাগের বেলায় আসেন আগে আরে দাদা। প্রথম দস্যু । এত বড়ো আস্পর্ধা তোদের, মোরে নিয়ে এ কি হাসি-তামাশা। এখনি মুণ্ড করিব খণ্ড, খবর্দার রে খবর্দার। দ্বিতীয় দস্যু । হাঃ হাঃ, ভায়া খাপ্পা বড়ো, এ কী ব্যাপার! আজি বুঝি বা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার। তৃতীয় দস্যু । এম্‌নি যোদ্ধা উনি, পিঠেতেই দাগ- তলোয়ার মরিচা, মুখেতেই রাগ। প্রথম দস্যু । আর যে এ-সব সহে না প্রাণে- নাহি কি তোদের প্রাণের মায়া! দারুণ রাগে কাঁপিছে অঙ্গ- কোথা রে লাঠি, কোথা রে ঢাল। সকলে। হাঃ হাঃ, ভায়া খাপ্পা বড়ো, এ কী ব্যাপার। আজি বুঝি বা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-03

আজকে তবে মিলে সবে – গীতবিতান