গীতবিতান
← সব গান

আলোকের এই ঝর্নাধারায়

পর্যায়: পূজা

আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও । আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ।। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও । বিশ্বহৃদয়-হতে-ধাওয়া আলোয়-পাগল প্রভাত-হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ।। আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও । আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান- তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান । তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও । বিশ্বহৃদয়-হতে-ধাওয়া প্রাণে-পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-05