গীতবিতান
← সব গান

আলোয় আলোকময় করে হে

পর্যায়: পূজা

আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো । আমার নয়ন হতে আঁধার মিলালো মিলালো ।। সকল আকাশ সকল ধরা আনন্দে হাসিতে ভরা, যে দিক-পানে নয়ন মেলি ভালো সবই ভালো ।। তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ । তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান । তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে এসে, হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-19