আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে ।
আমি যে বন্দী হতে সন্ধি করি সবার কাছে ।।
সন্ধ্যা-আকাশ বিনা ডোরে বাঁধল মোরে গো,
নিশিদিন বন্ধহারা নদীর ধারা আমায় যাচে ।
যে কুসুম আপনি ফোটে, আপনি ঝরে, রয় না ঘরে গো-
তারা যে সঙ্গী আমার, বন্ধু আমার, চায় না পাছে ।।
আমারে ধরবি ব'লে মিথ্যে সাধা ।
আমি যে নিজের কাছে নিজের গানের সুরে বাঁধা ।
আপনি যাহার প্রাণ দুলিল, মন ভুলিল গো-
সে মানুষ আগুন-ভরা পড়লে ধরা সে কি বাঁচে ।
সে যে ভাই, হাওয়ার সখা, ঢেউয়ের সাথি, দিবারাতি গো
কেবলই এড়িয়ে চলার ছন্দে তাহার রক্ত নাচে ।।