কীর্তনের সুর । দাদরা
আমারে কে নিবি ভাই, সপিঁতে চাই আপনারে ।
আমার এই মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যা রে ।।
তোরা কোন্ রূপের হাটে চলেছিস ভবের বাটে,
পিছিয়ে আছি আমি আপন ভারে-
তোদের ওই হাসিখুশি দিবানিশি দেখে মন কেমন করে ।।
আমার এই বাঁধা টুটে নিয়ে যা লুটেপুটে-
পড়ে থাক্ মনের বোঝা ঘরের দ্বারে-
যেমন ওই এক নিমেষে বন্যা এসে ভাসিয়ে নে যায় পারাবারে ।।
এত যে আনাগোনা কে আছে জানাশোনা,
কে আছে নাম ধ'রে মোর ডাকতে পারে ?
যদি সে বারেক এসে দাঁড়ায় হেসে চিনতে পারি দেখে তারে ।।