আমার ভুবন তো আজ হল কাঙাল, কিছু তো নাই বাকি,
ওগো নিষ্ঠুর, দেখতে পেলে তা কি ।।
তার সব ঝরেছে, সব মরেছে, জীর্ণ বসন ওই পরেছে-
প্রেমের দানে নগ্ন প্রাণের লজ্জা দেহো ঢাকি ।।
কুঞ্জে তাহার গান যা ছিল কোথায় গেল ভাসি ।
এবার তাহার শূন্য হিয়ায় বাজাও তোমার বাঁশি ।
তার দীপের আলো কে নিভালো, তারে তুমি জ্বালো জ্বালো-
আমার আপন আঁধার আমার আঁখিরে দেয় ফাঁকি ।।