আমার গোধূলিলগন এল বুঝি কাছে গোধূলিলগন রে ।
বিবাহের রঙে রাঙা হয়ে আসে সোনার গগন রে ।।
শেষ ক'রে দিল পাখি গান গাওয়া, নদীর উপরে পড়ে এল হাওয়া ;
ও পারের তীর, ভাঙা মন্দির আঁধারে মগন রে ।
আসিছে মধুর ঝিল্লিনূপুরে গোধূলিলগন রে ।।
আমার দিন কেটে গেছে কখনো খেলায়, কখনো কত কী কাজে ।
এখন কী শুনি পূরবীর সুরে কোন্ দূরে বাঁশি বাজে ।
বুঝি দেরি নাই, আসে বুঝি আসে, আলোকের আভা লেগেছে আকাশে-
বেলাশেষে মোরে কে সাজাবে, ওরে, নবমিলনের সাজে !
সারা হল কাজ, মিছে কেন আজ ডাক মোরে আর কাজে ।।
আমি জানি যে আমার হয়ে গেছে গনা গোধূলিলগন রে ।
ধূসর আলোকে মুদিবে নয়ন অস্তগগন রে ।
তখন এ ঘরে কে খুলিবে দ্বার, কে লইবে টানি বাহু আমার,
আমায় কে জানে কী মন্ত্রে গানে করিবে মগন রে -
সব গান সেরে আসিবে যখন গোধূলিলগন রে ।।