গীতবিতান
← সব গান

আমার মাথা নত করে দাও

পর্যায়: পূজা

আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে । সকল অহঙ্কার হে আমার ডুবাও চোখের জলে ।। নিজেরে করিতে গৌরবদান নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে ।। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে । যাচি হে তোমার চরমশান্তি পরানে তোমার পরমকান্তি- আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মদলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: zoun

তারিখ: 2009-05-16