আমার নয়ন-ভুলানো এলে, আমি কী হেরিলাম হৃদয় মেলে ।। শিউলিতলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে শিশির-ভেজা ঘাসে ঘাসে অরুণরাঙা চরণ ফেলে নয়ন-ভুলানো এলে ।। আলোছায়ায় আঁচলখানি লুটিয়ে পড়ে বনে বনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কী কথা কয় মনে মনে । তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ, ওইটুকু ওই মেঘাবরণ দু হাত দিয়ে ফেলো ঠেলে । নয়ন-ভুলানো এলে ।। বনদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশবীণার তারে তারে জাগে তোমার আগমনী । কোথায় সোনার নূপুর বাজে, বুঝি আমর হিয়ার মাঝে সকল ভাবে সকল কাজে পাষাণ-গালা সুধা ঢেলে- নয়ন-ভুলানো এলে ।।