আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে ।
এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে ।।
না চাহিতে মোরে যা করেছ দান- আকাশ আলোক তনু মন প্রাণ,
দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য ক'রে
অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ।।
আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধ'রে;
তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে ।
এ যে তব দয়া, জানি জানি হায়, নিতে চাও ব'লে ফিরাও আমায়-
পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য ক'রে
আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ।।