গীতবিতান
← সব গান

আমি চঞ্চল হে

পর্যায়: বিচিত্র

আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসি । দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে- ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী ।। ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি- মোর ডানা নাই, আছি এক ঠাঁই, সে কথা যে যাই পাশরি ।। আমি উন্মনা হে, হে সুদূর আমি উদাসী । রৌদ্র-মাখানো অলস-বেলায় তরুমর্মরে ছায়ার খেলায় কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি । হে সুদূর, আমি উদাসী । ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি- কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-16