গীতবিতান
← সব গান

আমি জেনে শুনে তবু ভুলে আছি

পর্যায়: পূজা

আমি জেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায় হে । আমি যেতে চাই তব পথপানে, কত বাধা পায় পায় হে । (তোমার অমৃতপথে, যে পথে তোমার আলো জ্বেলে সেই অভয়পথে ।) চারি দিকে হেরো ঘিরেছে কারা, শত বাঁধনে জড়ায়ে হে । আমি ছাড়াতে চাহি, ছাড়ে না কেন গো- ডুবায়ে রাখে মায়ায় হে । (তারা বাঁধিয়া রাখে, তোমার বাহুর বাঁধন হতে তারা বাঁধিয়া রাখে ।) দাও ভেঙ্গে দাও এ ভবের সুখ, কাজ নেই এ খেলায় হে । আমি ভুলে থাকি যত অবোধের মত বেলা বহে তত যায় হে । (ভুলে যে থাকি, দিন যে মিলায়, খেলা যে ফুরায়, ভুলে যে থাকি ।) হানো তব বাজ হৃদয়গহনে, দুখানল জ্বালো তায় হে । নয়নের জলে ভাসায়ে আমারে সে জল দাও মুছায়ে হে । (নয়নজলে- তোমার-হাতের-বেদনা-দেওয়া নয়নজলে- প্রাণের-সকল-কলঙ্ক-ধোওয়া নয়নজলে ।) শূন্য ক'রে দাও হৃদয় আমার, আসন পাতো সেথায় হে । তুমি এসো এসো, নাথ হয়ে বোসো, ভুলো না আমায় হে । (আমার শূন্য প্রাণে- চির-আনন্দে ভরে থাকো আমার শূন্য প্রাণে ।)
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-06-11