গীতবিতান
← সব গান

আমি জ্বালব না মোর বাতায়নে

পর্যায়: পূজা

আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি, আমি শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী ।। আমার এ দেহ মন মিলায়ে যাক নিশীথরাতে, আমার লুকিয়ে-ফোটা এই হৃদয়ের পুষ্পপাতে থাক্‌-না ঢাকা মোর বেদনার গন্ধখানি ।। আমার সকল হৃদয় উধাও হবে তারার মাঝে যেখানে ওই আঁধারবীণায় আলো বাজে । আমার সকল দিনের পথ খোঁজা এই হল সারা, এখন দিক্‌-বিদিকের শেষে এসে দিশাহারা কিসের আশায় বসে আছি অভয় মানি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08