গীতবিতান
← সব গান

আমি স্বপনে রয়েছি ভোর

পর্যায়: প্রেম ও প্রকৃতি

আমি স্বপনে রয়েছি ভোর, সখী, আমরে জাগায়ো না । আমার সাধের পাখি যারে নয়নে নয়নে রাখি তারি স্বপনে রয়েছি ভোর, আমার স্বপন ভাঙায়ো না । কাল ফুটিবে রবির হাসি, কাল ছুটিবে তিমিররাশি- কাল আসিবে আমার পাখি, ধীরে বসিবে আমার পাশ । ধীরে গাহিবে সুখের গান, ধীরে ডাকিবে আমার নাম । ধীরে বয়ান তুলিয়া নয়ান খুলিয়া হাসিব সুখের হাস । আমার কপোল ভ'রে শিশির পড়িবে ঝ'রে- নয়নেতে জল, অধরেতে হাসি, মরমে রহিব ম'রে ! তাহারি স্বপনে আজি মুদিয়া রয়েছি আঁখি- কখন আসিবে প্রাতে আমার সাধের পাখি, কখন জাগাবে মোরে আমার নামটি ডাকি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-14