গীতবিতান
← সব গান

আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না

পর্যায়: প্রেম

আমরা দুজনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে ।। পঞ্চশরের বেদনামাধুরী দিয়ে বাসররাত্রি রচিব না মোরা প্রিয়ে- ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা নে যেন যাচি । কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছ আমি আছি ।। উড়াব ঊর্ধে প্রেমের নিশান দুর্গমপথমাঝে দুর্গম বেগে দুঃসহতম কাজে । রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব- চাই না শান্তি, সান্তনা নাহি চাব । পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব তুমি আছ আমি আছি ।। দুজনের চোখে দেখেছি জগৎ, দোঁহারে দেখেছি দোঁহে- মরুপথতাপ দুজনে নিয়েছি সহে । ছুটি নি মোহন মরীচিকা-পিছে-পিছে, ভুলাই নি মন সত্যেরে করি মিছে- এই গৌরবে চলিব এ ভবে যত দিন দোঁহে বাঁচি । এ বাণী, প্রেয়সী, হোক মহীয়সী- 'তুমি আছ আমি আছি' ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-15