গীতবিতান
← সব গান

আমরা যে শিশু অতি অতিক্ষুদ্র মন

পর্যায়: পূজা ও প্রার্থনা

আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন- পদে পদে হয়, পিতা, চরণস্খলন ।। রুদ্রমুখ কেন তবে দেখাও মোদের সবে । কেন হেরি মাঝে মাঝে ভ্রুকুটি ভীষণ ।। ক্ষুদ্র আমাদের 'পরে করিয়ো না রোষ- স্নেহবাক্যে বলো, পিতা, কী করেছি দোষ । শতবার লও তুলে, শতবার পড়ি ভুলে- কী আর করিতে পারে দুর্বল যে জন ।। পৃথ্বীর ধূলিতে, দেব, মোদের ভবন- পৃথ্বীর ধূলিতে অন্ধ মোদের নয়ন । জন্মিয়াছি শিশু হয়ে, খেলা করি ধূলি লয়ে- মোদের অভয় দাও দুর্বলশরণ ।। একবার ভ্রম হলে আর কি লবে না কোলে, অমনি কি দূরে তুমি করিবে গমন । তা হলে যে আর কভু উঠিতে নারিব প্রভু, ভূমিতলে চিরদিন রব অচেতন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08