গীতবিতান
← সব গান

আমরা লক্ষ্মীছাড়ার দল

পর্যায়: বিচিত্র

আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল সদা করেছি টলোমল । মোদের আসা-যাওয়া শূন্য হাওয়া, নাইকো ফলাফল ।। নাহি জানি করণ-কারণ, নাহি জানি ধরন-ধারণ, নাহি মানি শাসন-বারণ গো- আমরা আপন রোখে মনের ঝোঁকে ছিঁড়েছি শিকল ।। লক্ষ্মী, তোমার বাহনগুলি ধনে পুত্রে উঠুন ফুলি, লুঠুন তোমার চরণধূলি গো- আমরা স্কন্ধে লয়ে কাঁথা ঝুলি ফিরব ধরাতল । তোমার বন্দরেতে বাঁধা ঘাটে বোঝাই-করা সোনার পাটে অনেক রত্ন অনেক হাটে গো- আমরা নোঙর-ছেঁড়া ভাঙা তরী ভেসেছি কেবল ।। আমরা এবার খুঁজে দেখি অকূলেতে কূল মেলে কি, দ্বীপ আছি কি ভবসাগরে । যদি সুখ না জোটে দেখব ডুবে কোথায় রসাতল । আমরা জুটে সারা বেলা করব হতভাগার মেলা, গাব গান খেলব খেলা গো- কন্ঠে যদি গান না আসে করব কোলাহল ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-14