গীতবিতান
← সব গান

আমরা মিলেছি আজ মায়ের ডাকে

পর্যায়: স্বদেশ

আমরা মিলেছি আজ মায়ের ডাকে । ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক'দিন থাকে? প্রাণের মাঝে থেকে থেকে 'আয়' ব'লে ওই ডেকেছে কে, সেই গভীর স্বরে উদাস করে- আর কে কারে ধরে রাখে? যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, সেই প্রাণের টানে টেনে আনে- সেই প্রাণের বেদন জানে না কে? মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে- সেই নবীন আশে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে ।। কত দিনের সাধনফলে মিলেছি আজ দলে দলে- আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-30