গীতবিতান
← সব গান

আঁধারের লীলা আকাশে আলোকলেখায়

পর্যায়: বিচিত্র

আঁধারের লীলা আকাশে আলোকলেখায়-লেখায়, ছন্দের লীলা অচলকঠিনমৃদঙ্গে । অরূপের লীলা অগোনা রূপের রেখায় রেখায়, স্তব্দ অতল খেলায় তরলতরঙ্গে ।। আপনারে পাওয়া আপনা-ত্যাগের গভীর লীলায়, মূর্তির লীলা মূর্তিবিহীন কঠোর শিলায়, শান্ত শিবের লীলা যে প্রলয়ভ্রূভঙ্গে । শৈলের লীলা নির্ঝরকলকলিত রোলে, শুভ্রের লীলা কত-না রঙ্গে বিরঙ্গে । মাটির লীলা যে শস্যের বায়ুহেলিত দোলে, আকাশের লীলা উধাও ভাষার বিহঙ্গে । স্বর্গের খেলা মর্তের ম্লান ধুলায় হেলায় দুঃখেরে লয়ে আনন্দ খেলে দোলন-খেলায়, শৌর্যের খেলা ভীরু মাধুরীর আসঙ্গে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-11