আপনি আমার কোন্খানে
বেড়াই তারি সন্ধানে ।।
নানান রূপে নানান বেশে ফেরে যেজন ছায়ার দেশে
তার পরিচয় কেঁদে হেসে শেষ হবে কি, কে জানে ।।
আমার গানের গহন-মাঝে শুনেছিলেম যার ভাষা
খুঁজে না পাই তার বাসা ।
বেলা কখন যায় গো বয়ে, আলো আসে মলিন হয়ে-
পথের বাঁশি যায় কী কয়ে বিকালবেলার মূলতানে ।।