আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া ।। এই-যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে উঠুক নেচে, সকল পরান দিক-না নাড়া ।। বোস্-না ভ্রমর, এই নীলিমায় আসন লয়ে অরুণ-আলোর স্বর্ণরেণু-মাখা হয়ে । যেখানেতে অগাধ ছুটি মেল্ সেথা তোর ডানাদুটি সবার মাঝে পাবি ছাড়া ।।