গীতবিতান
← সব গান

আরো আঘাত সইবে আমার

পর্যায়: পূজা

আরো আঘাত সইবে আমার, সইবে আমারো । আরো কঠিন সুরে জীবন-তারে ঝঙ্কারো ।। যে রাগ জাগাও আমার প্রাণে বাজে নি তা চরম তানে, নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি সঞ্চারো ।। লাগে না গো কেবল যেন কোমল করুণা, মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ কোরো না । জ্ব'লে উঠুক সকল হুতাশ, গর্জি উঠুক সকল বাতাস, জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা বিস্তারো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-14