আয় আয় রে পাগল, ভুলবি রে চল্ আপনাকে, তোর একটুখানির আপনাকে । তুই ফিরিস নে আর এই চাকাটার ঘুরপাকে ।। কোন্ হঠাৎ হাওয়ার ঢেউ উঠে তোর ঘরের আগল যায় টুটে, ওরে সুযোগ ধরিস, বেরিয়ে পড়িস সেই ফাঁকে- তোর দুয়ার-ভাঙার সেই ফাঁকে ।। নানান গোলে তুফান তোলে চার দিকে- তুই বুঝিস নে, মন, ফিরবি কখন কার দিকে । তোর আপন বুকের মাঝখানে কী যে বাজায় কে যে সেই জানে- ওরে পথের খবর মিলবে রে তোর সেই ডাকে- তোর আপন বুকের সেই ডাকে ।।