অলকে কুসুম না দিয়ো, শুধু শিথিল কবরী বাঁধিয়ো । কাজলবিহীন সজল নয়নে হৃদয়দুয়ারে ঘা দিয়ো ।। আকুল আঁচলে পথিকচরণে মরণের ফাঁদ ফাঁদিয়ো- না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া, নীরবে সাধিয়ো ।। এসো এসো বিনা ভূষণেই, দোষ নেই তাহে দোষ নেই । যে আসে আসুক ওই তব রূপ অযতন-ছাঁদে ছাঁদিয়ো । শুধু হাসিখানি আঁখিকোণে হানি উতলা হৃদয় ধাঁধিয়ো ।।