মিশ্র ছায়ানট । একতাল অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় । কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে 'হায় হায়'।। নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই, একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় ।। যাহা যায় আর যাহা-কিছু থাকে সব যদি দিই সপিঁয়া তোমাকে তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায় । তোমাতে রয়েছে কত শশী ভানু, হারায় না কভু অণু পরমাণু, আমারই ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায় ।।