আমার মন মানে না- দিনরজনী । আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি । ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি- ওগো সজনি ।। সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি- গো । তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী- কেন না জানি ।। ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে- সখি । ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে । ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে- গো । আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি ।।