অন্ধকারের উত্স হতে উত্সারিত আলো সেই তো তোমার আলো ! সকল দ্বন্দ্ববিরোধ-মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো ।। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ সেই তো তোমার গেহ । সমরঘাতে অমর করে রুদ্রনিঠুর স্নেহ সেই তো তোমার স্নেহ ।। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান সেই তো তোমার দান । মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ সেই তো তোমার প্রাণ । বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি সেই তো স্বর্গভূমি । সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমি সেই তো আমার তুমি ।।