গীতবিতান
← সব গান

অনেক পাওয়ার মাঝে মাঝে

পর্যায়: প্রেম

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ।। দিনের পরে দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা, বাহির হতেই তাদের যাওয়া আসা । কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা, সে যেন মোর চিরদিনের চাওয়া ।। হারিয়ে-যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে রইল গাঁথা মোর জীবনের হারে । সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খন্ড আলোর মালা সেই নিয়ে আজ সাজাই আমার থালা- এক পুলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা, একতারাতে আধখানা গান গাওয়া ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-11