গীতবিতান
← সব গান

আনন্দধ্বনি জাগাও গগনে

পর্যায়: স্বদেশ

আনন্দধ্বনি জাগাও গগনে । কে আছ জাগিয়া পুরবে চাহিয়া, বলো 'উঠ উঠ' সঘনে গভীরনিদ্রামগনে ।। হেরো তিমিররজনী যায় ওই, হাসে উষা নব জ্যোতির্ময়ী- নব আনন্দে, নব জীবনে, ফুল্ল কুসুমে, মধুর পবনে, বিহগকলকূজনে ।। হেরো আশার আলোকে জাগে শুকতারা উদয়-অচল-পথে, কিরণকিরীটে তরুণ তপন উঠিছে অরুণরথে- চলো যাই কাজে মানবসমাজে, চলো বাহিরিয়া জগতের মাঝে- থেকো না অলস শয়নে, থেকো না মগন স্বপনে ।। যায় লাজ ত্রাস, আলস বিলাস কুহক মোহ যায় । ওই দূর হয় শোক সংশয় দুঃখ স্বপনপ্রায় । ফেলো জীর্ণ চীর, পরো নব সাজ, আরম্ভ করে জীবনের কাজ- সরল সবল আনন্দমনে, অমল অটল জীবনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08