আনন্দগান উঠুক তবে বাজি এবার আমার ব্যথার বাঁশিতে । অশ্রুজলের ঢেউয়ের 'পরে আজি পারের তরী থাকুক ভাসিতে ।। যাবার হাওয়া ওই-যে উঠেছে, ওগো,ওই-যে উঠেছে, সারারাত্রি চক্ষে আমার ঘুম যে ছুটেছে । হৃদয় আমার উঠছে দুলে দুলে অকূল জলের অট্টহাসিতে- কে গো তুমি দাও দেখি তান তুলে এবার আমার ব্যথার বাঁশিতে ।। হে অজানা, অজানা সুর নব বাজাও আমার ব্যথার বাঁশিতে, হঠাৎ এবার উজান হাওয়ায় তব পারের তরী থাক্-না ভাসিতে । কোনো কালে হয় নি যারে দেখা, ওগো, তারি বিরহে এমন করে ডাক দিয়েছে, ঘরে কে রহে ! বাসার আশা গিয়েছে মোর ঘুরে, ঝাঁপ দিয়েছি আকাশরাশিতে । পাগল, তোমার সৃষ্টিছাড়া সুরে তান দিয়ো মোর ব্যথার বাঁশিতে ।।