বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে ।। প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে ।। জেগে উঠে সব শোভা, সব মাধুরী, পলকে পলকে হিয়া পুলকে পূরি । কোথা হতে সমীরণ আনে নব জাগরণ, পরানের আবরণ মোচন করে ।। লাগে বুকে সুখে দুখে কত যে ব্যথা, কেমনে বুঝায়ে কব না জানি কথা । আমার বাসনা আজি ত্রিভুবনে উঠি বাজি, কাঁপে নদী বনরাজি বেদনাভরে ।।