আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি ।
তোমায় দেখতে আমি পাই নি ।
বাহির-পানে চোখ মেলেছি,
আমার হৃদয়-পানে চাই নি ।।
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাই নি ।।
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় -
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায় ।
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখসুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি ।।