গীতবিতান
← সব গান

বাঁশরি বাজাতে চাহি বাঁশরি বাজিল কই

পর্যায়: প্রেম

বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই । বিহরিছে সমীরণ, কুহরিছে পিকগণ, মথুরার উপবন কুসুমে সাজিল ওই ।। বিকচ বকুলফুল দেখে যে হতেছে ভুল, কোথাকার অলিকুল গুঞ্জরে কোথায় । এ নহে কি বৃন্দাবন, কোথা সেই চন্দ্রানন, ওই কি নূপুরধ্বনি বনপথে শুনা যায় । একা আছি বনে বসি, পীত ধড়া পড়ে খসি, সোঙরি সে মুখশশী পরান মজিল সই ।। একবার রাধে রাধে ডাক্‌ বাঁশি মনোসাধে- আজি এ মধুর চাঁদে মধুর যামিনী ভায় । কোথা সে বিধুরা বালা- মলিনমালতীমালা, হৃদয়ে বিরহজ্বালা, এ নিশি পোহায় হায় । কবি যে হল আকুল, একি রে বিধির ভুল, মথুরায় কেন ফুল ফুটেছে আজি লো সই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-10