অশোক । ভালোবেসে দুখ সেও সুখ, সুখ নাহি আপনাতে । প্রমদা ও সখিগণ । না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে । কুমার । মন দাও দাও, দাও সখী, দাও পরের হাতে । প্রমদা ও সখিগণ । না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে । অশোক । সুখের শিশির নিমেষে শুকায়, সুখ চেয়ে দুখ ভালো - আনো সজল বিমল প্রেম ছলছল নলিননয়নপাতে । প্রমদা ও সখিগণ । না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে । কুমার । রবির কিরণে ফুটিয়া নলিনী আপনি টুটিয়া যায়, সুখ পায় তায় সে । চির কলিকাজনম কে করে বহন চির শিশিরতাতে । প্রমদা ও সখিগণ । না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে ।