গীতবিতান
← সব গান

ভালোবেসে সখী নিভ্বতে যতনে

পর্যায়: প্রেম

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো- তোমার মনের মন্দিরে । আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো- তোমার চরণমঞ্জীরে ।। ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি- তোমার প্রাসাদপ্রাঙ্গণে । মনে ক'রে, সখী, বাঁধিয়া রাখিয়ো আমার হাতের রাখী- তোমার কনককন্কণে ।। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো- তোমার অলকবন্ধনে। আমার স্মরণ-শুভ-সিন্দুরে একটি বিন্দু এঁকো- তোমার ললাটচন্দনে ।। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিয়ো- তোমার অঙ্গসৌরভে । আমার আকুল জীবনমরণ টুটিয়া লুটিয়া নিয়ো- তোমার অতুল গৌরবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-04