গীতবিতান
← সব গান

ভাঙা দেউলের দেবতা

পর্যায়: নাট্যগীতি

ভাঙা দেউলের দেবতা, তব বন্দনা রচিতে, ছিন্ন বীণার তন্ত্রী বিরতা । সন্ধ্যাগগনে ঘোষে না শঙ্খ তোমার আরতিবারতা । তব মন্দির স্থিরগম্ভীর, ভাঙা দেউলের দেবতা ।। তব জনহীন ভবনে থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নববসন্তপবনে । যে ফলে রচে নি পূজার অর্ঘ্য, রাখে নি ও রাঙা চরণে, সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে ।। পূজাহীন তব পূজারি কোথা সারা দিন ফিরে উদাসীন কার প্রসাদের ভিখারি । গোধুলিবেলায় বনের ছায়ায় চির-উপবাস-ভুখারি ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে পূজাহীন তব পূজারি ।। ভাঙা দেউলের দেবতা, কত উৎসব হইল নীরব, কত পূজানিশা বিগতা । কত বিজয়ায় নবীন প্রতিমা কত যায় কত কব তা- শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-10