ভোর থেকে আজ বাদল ছুটেছে- আয় গো আয়। কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়।। ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট- ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট- পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায়।। তপন-আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা, খঞ্জন-দুটি আলস্যভরে ছেড়েছে খেলা। কলস পাকড়ি আঁকড়িয়া বুকে ভরা জলে তোরা ভেসে যাবি সুখে তিমিরনিবিড় ঘনঘোরে ঘুমে স্বপনপ্রায়- আয় গো আয়।। মেঘ ছুটে গেল, নাই গো বাদল- আয় গো আয়। আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায়- আয় গো আয়। এ ঘাট হইতে ও ঘাটে তাহার কথা বলাবলি নাহি চলে আর, একাকার হল তীরে আর নীরে তাল-তলায়- আয় গো আয়।।