ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ ! কঠিন করে চরণ-'পরে প্রণত করো মন ।। বেঁধেছে মোরে নিত্য কাজে প্রাচীরে-ঘেরা ঘরের মাঝে, নিত্য মোরে বেঁধেছে সাজে সাজের আভরণ ।। এসো হে, ওহে আকস্মিক, ঘিরিয়া ফেলো সকল দিক, মুক্ত পথে উড়ায়ে নিক নিমেষে এ জীবন । তাহার 'পরে প্রকাশ হোক উদার তব সহাস চোখ- তব অভয় শান্তিময় স্বরূপ পুরাতন ।।