ভয় হয় পাছে তব নামে আমি আমারে করি প্রচার হে ।
মোহবশে পাছে ঘিরে আমার তব নামগান-অহঙ্কার হে ।।
তোমার কাছে কিছু নাহি তো লুকানো, অন্তরের কথা তুমি সব জানো-
আমি কত দীন, আমি কত হীন, কেহ নাহি জানে আর হে ।।
ক্ষুদ্র কন্ঠে যবে উঠে তব নাম বিশ্ব শুনে তোমায় করে গো প্রণাম-
তাই আমার পাছে জাগে অভিমান, গ্রাসে আমায় আঁধার হে,
পাছে প্রতারণা করি আপনারে তোমার আসনে বসাই আমারে-
রাখো মোহ হতে, রাখো তম হতে, রাখো রাখো বারবার হে ।।