মায়াকুমারীগণ । বিদায় করেছ যারে নয়নজলে এখন ফিরাবে তারে কিসের ছলে গো ।। আজি মধু সমীরণে নিশীথে কুসুমবনে তারে কি পড়েছে মনে বকুলতলে ? এখন ফিরাবে তারে কিসের ছলে গো ।। অমর । আমি চলে এনু বলে কার বাজে ব্যথা । কাহার মনের কথা মনেই থাকে ।। আমি শুধু বুঝি, সখী, সরল ভাষা- সরল হৃদয় আর সরল ভালোবাসা । তোমাদের কত আছে, কত মন প্রাণ, আমার হৃদয় নিয়ে ফেলো না বিপাকে ।। মায়াকুমারীগণ । সেদিনো তো মধুনিশি প্রাণে গিয়েছিল মিশি, মুকুলিত দশ দিশি কুসুমদলে । দুটি সোহাগের বাণী যদি হত কানাকানি, যদি ওই মালাখানি পরাতে গলে ! এখন ফিরাবে তারে কিসের ছলে গো ।।