বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান- তুমি কি এমনি শক্তিমান ! আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান- তোমাদের এমনি অভিমান ।। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নীচে- এত বল নাই রে তোমার, সবে না সেই টান ।। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও-না যতই বড়ো আছেন ভগবান । আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, বোঝা তোর ভারী হলেই ডুববে তরীখান ।।