বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে, আভরণে আজি আবরণ কেন তবে ।। ভালোবাসা যদি মেশে আধা-আধি মোহে আলোতে আঁধারে দোঁহারে হারাব দোঁহে । ধেয়ে আসে হিয়া তোমার সহজ রবে, আভরণ দিয়া আবরণ কেন তবে ।। ভাবের রসেতে যাহার নয়ন ডোবা ভুষণে তাহারে দেখাও কিসের শোভা । কাছে এসে তবু কেন রয়ে গেলে দূরে- বাহির-বাঁধনে বাঁধিবে কি বন্ধুরে, নিজের ধনে কি নিজে চুরি করে লবে । আভরণে আজি আবরণ কেন তবে ।।