বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা-
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্তনা,
দুঃখে যেন করিতে পারি জয়।।
সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে-
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা,
নিজের মনে না যেন করি ক্ষয়।।
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা-
তরিতে পারি শকতি যেন রয়।
আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা,
বহিতে পারি এমনি যেন হয়।।
নম্রশিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে-
দুখের রাতে নিখিল ধরা যে দিন করে বঞ্চনা
তোমারে যেন না করি সংশয়।।