বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার, কে দেয় আমার বীণার তারে এমন ঝঙ্কার ।। নয়নে ঘুম নিল কেড়ে, উঠে বসি শয়ন ছেড়ে - মেলে আঁখি চেয়ে থাকি, পাই নে দেখা তার ।। গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পূরে, জানি নে কোন্ বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে । কোন্ বেদনায় বুঝি না রে হৃদয় ভরা অশ্রুভারে, পরিয়ে দিতে চাই কাহারে আপন কন্ঠহার ।।