বলি, ও আমার গোলাপ-বালা, বলি, ও আমার গোলাপ-বালা- তোলো মুখানি, তোলো মুখানি- কুসুমকুঞ্জ করো আলা । বলি, কিসের শরম এত ! সখী, কিসের শরম এত ! সখী, পাতার মাঝারে লুকায়ে মুখানি কিসের শরম এত ! বালা, ঘুমায়ে পড়েছে ধরা । সখী, ঘুমায় চন্দ্রতারা । প্রিয়ে, ঘুমায় দিক্বালারা সবে- ঘুমায় জগৎ যত । বলিতে মনের কথা, সখী, এমন সময় কোথা । প্রিয়ে, তোলো মুখানি, আছে গো আমার প্রাণের কথা কত । আমি এমন সুধীর স্বরে, সখী, কহিব তোমার কানে- প্রিয়ে, স্বপনের মতো সে কথা আসিয়ে পশিবে তোমার প্রাণে । তবে, মুখানি তুলিয়ে চাও, সুধীরে মুখানি তুলিয়ে চাও । সখী, একটি চুম্বন দাও- গোপনে একটি চুম্বন দাও ।।