বল্, গোলাপ, মোরে বল্, তুই ফুটিবি, সখী, কবে । ফুল ফুটেছে চারি পাশ, চাঁদ হাসিছে সুধাহাস, বায়ু ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুরবে- তুই ফুটিবি, সখী, কবে ।। প্রাতে পড়েছে, শিশিরকণা, সাঁঝে বহিছে দখিনা বায়, কাছে ফুলবালা সারি সারি- দুরে পাতার আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে চায় । বায়ু দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরিছে কাছে, কচি কিশলয়গুলি রয়েছে নয়ন তুলি- তারা শুধাইছে মিলি সবে, তুই ফুটিবি, সখী, কবে ।।